প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৭-২০২৮ সেশনে তাঁরা নিজ নিজ সাংগঠনিক শাখার নেতৃত্ব দেবেন।
ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জ মহানগরীর দায়িত্বে পুনরায় মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের নাম আসায় স্থানীয় জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকছে। এর আগেও তিনি ২০২৫-২০২৬ সেশনে মহানগর আমিরের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান গিয়াস।
উল্লেখ্য, এবারের ঘোষণায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহানগর এবং জেলা শাখার নেতৃত্বও নির্ধারণ করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত আমিরদের শপথ গ্রহণের কার্যক্রমও শুরু হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সাংগঠনিক মেয়াদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে আবদুল জব্বারের এই পুনর্নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নয়া নারায়ণগঞ্জ